২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ‘মাদক ব্যবসায়ীদের’ হামলায় আহত ৫ পুলিশ  

শেরপুরে ‘মাদক ব্যবসায়ী ও স্বজনদের হামলায়’ জেলা গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ জানান, সোমবার মধ্যরাতে সদর উপজেলার মুন্সিরচর এলাকায় মাদক বিরোধী অভিযানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে শেরপুর সদর থানায় গোয়েন্দা পুলিশ পৃথক তিনটি মামলা করেছে বলেও জানান এএসপি ওয়ারীশ।

আহত গোয়েন্দা পুলিশের এসআই সজিব খান, এসআই ফজলে এলাহী, কনস্টেবল শফিক, খায়রুল ও বাবুলকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

এএসপি আব্দুল ওয়ারীশ বলেন, “জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মুন্সিরচর এলাকায় মাদক বিরোধী অভিযানে যায়। এক পর্যায়ে ১০০টি ইয়াবাসহ শিপন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

“পরে তার স্বজন ও সহযোগীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং শিপনকে ছিনিয়ে নিতে চেষ্টা করে।”

পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১০টি হাতবোমাসহ ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেপ্তার করে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন বলে জানান তিনি।