২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২০

গাজীপুরে মূল বেতনের শতভাগ ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার সিটি করপোরেশনের ঢাকা-গাজীপুর সড়কে স্থানীয় নলজানী এলাকার কোজিমা লিরিক গার্মেন্টের শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষ বাঁধে বলে শিল্পাঞ্চল পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম জানান।

কারখানার আয়রনম্যান রাশিদা (২৫), শ্রমিক সাবিনা (২৪), নাজমা (২৫) ও অজ্ঞাতনামা একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের তিনজনের শরীরে রবার বুলেট বিঁধেছে।  

বাকিদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. এনামুল কবির বলেন, দুপুরে সাত শ্রমিককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে রবার বুলেটবিদ্ধ তিনজন ও অন্য একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা তাহমিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে কারখানার শ্রমিকেরা মূলবেতনের শতভাগ ঈদ বোনাসসহ হাজিরা বোনাস ও বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়ে বিক্ষোভ শুরু করেন।

“এক পর্যায়ে তারা ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিলে ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের মূল বেতনের ৫০ ভাগ এবং ৭০ ভাগ ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দিলেও তারা রাজি হয়নি।”

খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে বললে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে এবং কারখানার কাচ ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কয়েক রাউন্ড কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এ সময় দুপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য ও শ্রমিকেরা আহত হন। দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঢাকা-গাজীপুর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান এএসপি তাহমিদুল।

কারখানার ম্যানেজার অপূর্ব লাল হাওলাদার বলেন, গত বছর রমজানের ঈদে শ্রমিকদের ৭০ ভাগ ঈদ বোনাস পরিশোধ করা হলেও শ্রমিকরা তা মেনে নেয়নি।

“তাদের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ আরও ১০ ভাগ বাড়িয়ে এবারের রমজানের ঈদ বোনাস ৮০ ভাগ দেওয়ার আশ্বাস দিলেও মঙ্গলবার শ্রমিকরা অযৌক্তিভাবে এ ঘটনা ঘটিয়েছে।”

ঘটনার পর হতে শ্রমিকরা কাজে যোগ দেয়নি। কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।