২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রের চোখ উৎপাটন, ৪ জনের যাবজ্জীবন

বরিশালের বাবুগঞ্জে এক কলেজছাত্রের চোখ তুলে নেওয়ার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 05:02 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

এছাড়া এ মামলার আরও পাঁচ আসামিকে এক বছর এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আনিসুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বাবুগঞ্জের দেহেরগতি ইউপির মাসুদ আলম মৃধা, কালাম মৃধা, কামাল হাওলাদার ও মেহেদী হাসান রাজু।

একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ধারায় তাদের আরও এক মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।

এক বছর দণ্ডপ্রাপ্তরা হলেন একই এলাকার আব্দুল হালিম ঘরামী, সায়েম ফরাজি, আরিফ মৃধা, সিরাজ বয়াতি ও মো. তুহিন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দিয়েছে আদালত। আর মামলা চলাকালীন এক আসামির মৃত্যু অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জাহাঙ্গীর জানান, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর বাবুগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিব কলেজ থেকে বাড়ি ফেরার পথে চরকান্দা এলাকায় আসামিরা তাকে পিটিয়ে আহত এবং ছুরি দিয়ে খুঁচিয়ে চোখই তুলে ফেলে।

“এ ঘটনার তিনদিন পর  রাকিবের বাবা সেলিম হাওলাদার ১১ জনকে আসামি করে বাবুগঞ্জ থানায় একটি মামলা করেন। একই বছরের ১৩ নভেম্বর ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর।”