মাগুরায় কোটি টাকার ভারতীয় থ্রি-পিস আটক
মাগুরায় পরিত্যক্ত একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা-খুলনা সড়কের মাগুরা পিটিআই এলাকায় জব্দ একটি ট্রাক থেকে থ্রি-পিসগুলো উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি আজমল হুদা জানান।
ওসি বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার বিকালে পিটিআই এলাকা থেকে পরিত্যক্ত একটি ট্রাক আটক করে পুলিশ। সকালে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ছয়টি বড় কাঠের কার্টন পাওয়া যায়।
“পরে সেগুলো ভেঙে দুই হাজার ৯০০ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় এক কোটি টাকা।”
ট্রাক ও পোশাকগুলোর মালিকের সন্ধান চালানো হচ্ছে বলে জানান তিনি।
