স্ত্রী হত্যায় যাবজ্জীবন
গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন (৪০) শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান গাজীপুর আদালত পুলিশের এসআই মো. মনজুরুল হক।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১১ সালের ৩০ এপ্রিল পারিবারিক কলহের জেরে স্ত্রী শহিদা বেগমকে (৩০) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন কামাল। এ ঘটনায় নিহতের ভাই মো. আব্দুল গফুর বাদী হয়ে কামাল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন।
ওই বছরের ৩০ জুন আসামি কামাল হোসেনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান তিনি।
