গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতে হামলা, পুলিশসহ আহত ২
চান্দনা ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীদের হামলায় পুলিশসহ দুইজন আহত হয়েছে।
মঙ্গলবার সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনার সময় ভ্রাম্যমাণ আদালতের গাড়িটিও ভাংচুর হয় বলে জানান গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান।
আহতরা হলেন গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম ও কনস্টেবল মো. এনামুল হক।
তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাজার কর্মকর্তা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কর্মকর্তা রোজিনা সুলতানা ও চার পুলিশ সদস্য নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে ওই বাজারে যাই।
“সেখানে গোবিন্দ ট্রেডার্সে ঢুকে পণ্যের মূল্য তালিকা না থাকা এবং মেয়াদহীন পণ্য জব্দের তালিকা প্রস্তুতের সময় পাশের দোকানি মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ী ও স্থানীয়রা জড়ো হয়ে জরিমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা করে।”
এ সময় তিনি ও পুলিশ কনস্টেবল মো. এনামুল হক আহত হন বলে জানান আব্দুস সালাম।
