‘মাদকের বাধা’ মুক্তিযোদ্ধা মামলার হয়রানিতে
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় ‘মাদক বিক্রিতে বাধা’ দেওয়ায় এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ১৪টি মামলা করে হয়রানির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
উপজেলার হিরণ ইউনিয়নের লোহারংক গ্রামের মুক্তিযোদ্ধা আলী আকবর শেখের বিরুদ্ধে চাঁদাবাজি, গুমসহ ১৪টি মামলা করেছেন ওই গ্রামের হেমায়েত কাজী।
আলী আকবর এক সময়ে হিরণ ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
কোটালীপাড়ার থানার ওসি মো. কামরুল ফারুক জানান, ২০১১ সালের ৫ ডিসেম্বর পুলিশ হেমায়েতকে মাদকসহ গ্রেপ্তার করে। দুই মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আসেন তিনি।
কারাগার থেকে বের হয়ে হেমায়েত এলাকায় আবার মাদক বিক্রি শুরু করেন বলে স্থানীয়দের ভাষ্য।
আলী আকবর শেখ বলেন, “হেমায়েতকে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি গোপালগঞ্জ আমলী আদালতে (গ অঞ্চল, কোটালীপাড়া থানা) আমি এবং আরও দুজনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা করে।
“এছাড়া হেমায়েত নিজে, তার মা ও স্ত্রী বাদী হয়ে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি, গুমসহ ১৪টি মিথ্যা মামলা দিয়েছে।”
স্থানীয় বাসিন্দা সুরাত আলী দাড়িয়া বলেন, “হেমায়েত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আমি যতটুক জানি মাদক বিক্রয়ে বাধা দেওয়ায় সে আলী আকবর শেখের বিরুদ্ধে মামলা দিয়েছে।”
এ ব্যাপারে কথা বলার জন্য হেমায়েত কাজীর মোবাইল ফোনে কল করে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে।
কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুজিবুল হক বলেন, “মাদক বিক্রেতা হেমায়েত মিথ্যা মামলা দিয়ে মুক্তিযোদ্ধা আলী আকবর শেখকে হয়রানি করছে। আমরা এর প্রতিবাদ এবং হেমায়েতকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
হেমায়েতের করা চাঁদাবাজির মামলার তদন্ত কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই মনজের আলী বলেন, মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
