২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে গ্রেপ্তার আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার আসামি এক যুবক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 11:42 AM

Updated : 20 Aug 2022, 01:03 PM

মঙ্গলবার ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের রসুলপুর কবরস্থানের পেছনে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছেন সরাইল থানা পুলিশের ওসি রূপক কুমার সাহা।

নিহত আবদুস সাত্তার (৩২) উপজেলার রসুলপুর গ্রামের রিফিউজি পাড়ার মৃত আবদুল মান্নানের ছেলে। তাকে একদিন আগেই পুলিশ গ্রেপ্তার করেছিল।

ওসি সাংবাদিকদের বলেন, সাত্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল, তার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবসহ তিন পুলিশ আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি রূপক কুমার বলেন, “অস্ত্র ও ডাকাতিসহ আট মামলার আসামি সাত্তারকে সোমবার বিকালে রসুলপুর গ্রামের রিফিউজিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

“পরে তার দেওয়া তথ্যানুযায়ী রসুলপুর কবরস্থানের পেছনে অস্ত্র উদ্ধারে গেলে সাত্তারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সাত্তার ঘটনাস্থলেই মারা যান।”

এ সময় সাত্তারের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।