২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 07:45 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

রোববার রাতে গোমস্তাপুর উপজেলার চারালডাঙ্গা সীমান্ত থেকে ২০০ গজ দূরে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে বলে নওগাঁ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানিয়েছেন।

নিহতরা হলেন- বেদপুর গ্রামের হুকমত আলীর ছেলে শাহজাহান আলী ভুটু (৩৫) এবং চাড়ালডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে জোবদুল হক ভাদু (৩৪)।

সোমবার বিকালে বিজিবি ও বিএসএফের একটি যৌথদল ঘটনাস্থল পরিদর্শন করে।

সেখান থেকে ফিরে বিজিবি কর্মকর্তা জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ২টার দিকে চাড়ালডাঙ্গা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে কয়েকজন চোরাকারবারি ভারতে ঢোকে।

“তারা মালদহ জেলার অনুরাধাপুর সীমান্তের ২০০ গজ ভেতরে রুহিমারী ডারা এলাকায় পৌঁছালে মালদহ ৮২ বিএসএফের অনুরাধাপুর ক্যাম্পের সদস্যদের বাধার মুখে পড়ে।

“এসময় চোরাকারবারিরা হামলা করলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে শাহজাহান ও জোবদুল ঘটনাস্থলেই নিহত হন।”

তবে তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে চলে আসে বলে জানান জাহিদ।

তিনি আরও বলেন, বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে একটি হাসুয়া ও কাঁটাতার কাটার একটি প্লায়ার্স উদ্ধার করেছে।

লাশ ময়না তদন্তের জন্য মালদহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার লাশ ফেরত আনা হবে বলে জানান তিনি।