হবিগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের বাহুবলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
সোমবার বিকালে উপজেলার মিরপুরের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাহুবল থানার ওসি মোল্লা মনির হোসেন জানান।
নিহতরা হলেন- উপজেলার বড়গাও গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী (১৭) ও পূর্ব জয়পুর গ্রামের অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (৩৫)।
দুর্ঘটনায় আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মনির মোল্লা বলেন, বিকালে মিরপুর থেকে শ্রীমঙ্গলগামী একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায় বলে জানান তিনি।
