২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইমিংপুলে ‘ডুবে’ স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের সুইমিংপুলে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 05:23 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার বিজয় সরণীর হোটেল সিলভার সাইনের সুইমিংপুলে এ ঘটনা ঘটে বলে কক্সবাজার সদর থানার এসআই মো.আব্দুর রহিম জানান।

মৃত ফয়েজুল হক সাগর (১৩) কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম পাড়ার মো. বেদার মিয়ার ছেলে। কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই জানান, দুপুরে সাগর টিকেট কেটে হোটেলের সুইমিংপুলে সাঁতার কাটতে নামে।এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়।

“হোটেলের লোকজন সুইমিংপুল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এসআই বলেন, “সাগর মৃগী রোগী বলে তার মা জানিয়েছেন। গোসলে নেমে মৃগীরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি।”

সাগরের মৃত্যুর খবরে তার বাবা-মা সংজ্ঞা হারিয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তবে মৃগী রোগের বিষয়টি অস্বীকার করে সাগরের বড় বোন নাসরিন আক্তার বলেন, “সাগর সকালে প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। প্রাইভেট শেষে একেই হোটেলের সুইমিংপুলে যায়।”

“আমার ভাই সাঁতার জানতো না। তবে তার মৃগী রোগ ছিল না।”

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।