সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, উত্তরের পথে ট্রেন বন্ধ
সিরাজগঞ্জ সদরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সয়দবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
“দর্শনা থেকে একটি পাথরবাহী ট্রেন সয়দবাদ এসে আনলোড করে ঘুরানোর সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়।”
ফলে রেলওয়ের পূর্ব অংশের সঙ্গে পশ্চিম অংশের যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।
সাঈদ ইকবাল জানান, ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন রওনা হয়েছে। বেলা ১২টা নাগাদ সেটি ঘটনাস্থলে পৌঁছাবে বলে তারা আশা করছেন।
ঘটনার পর ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী ধূমকেতু ও মুক্তি এক্সপ্রেস যমুনা সেতুর পূর্ব পাশে এবং সেতুর পশ্চিমে জামতৈল স্টেশনে সিল্ক সিটি এক্সপ্রেস আটকা পড়েছে বলে জানান তিনি।
