গাজীপুরে ট্রাকচাপায় পুলিশ নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক এসআই মারা গেছেন।
ঢাকা-টাঙ্গাইল সড়কের সূত্রাপুর এলাকায় রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে গোড়াই মহাসড়ক পুলিশের এসআই আব্দুল মোতালিব মিয়া জানান।
নিহত মো. তৈয়বুর রহমান সিলেট কোতোয়ালি থানায় দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দাঁতপাড়া এলাকায়।
এসআই মোতালিব বলেন, এসআই তৈয়ব মোটরসাইকেল যোগে ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে সূত্রাপুর এলাকার ভূমি ফিলিং স্টেশনের কাছে বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।
“তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নিলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
