কিশোর হত্যায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
শেরপুরের শ্রীবরদীতে কিশোর আলম হত্যা মামলার আসামি সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনম ইলিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে গোয়েন্দা পুলিশের ওসি মাহফুজার রহমান জানান।
গ্রেপ্তার আবু সামা কবির উপজেলার রাণীশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনীত হয়ে পরাজিত হন তিনি।
শনিবার রাতে উপজেলার ভায়াডাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বরাত দিয়ে ওসি মাহফুজার জানান, ঝিনাইগাতী উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক বাচ্চুর মিয়ার ছেলে আলমকে গত বছরের ১৩ অগাস্ট শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা দক্ষিণপাড়ার নানার বাড়ি থেকে ফেরার পথে পাতিল চুরির অভিযোগে আটক করা হয়।
“পরে আলমকে গ্রাম্য শালিসে ডেকে আবু সামা কবির তাকে বেত দিয়ে পিটিয়ে আহত করেন। ওই অবস্থায় শালিস ভেঙে দিয়ে আলমকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয়।”
ওসি আরও জানান, খবর পেয়ে পরিবারের লোকজন আলমকে আনতে গেলে তাদের জানানো হয় যে আলমকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
পরদিন ১৪ আগস্ট ভোরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোসেনপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফুলপুর থানা পুলিশ।
ওসি জানান, সালিশে আলমকে বেত দিয়ে পেটানোর ভিডিও বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে।
এ ঘটনায় আলমের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আবু সামা কবির ও ইউপি সদস্য মিল্লাত হোসেনসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে ২৩ আগস্ট আদালতে একটি হত্যা মামলা করেন।
পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি শ্রীবরদী থানায় রেকর্ড হলেও আসামিরা ধরা পড়েনি।
