২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুপ্ত হত্যা’ প্রতিরোধে জনতার হাতে বাঁশি- লাঠি

দেশজুড়ে সামপ্রতিক সময়ে ঘটে যাওয়া গুপ্ত হত্যা, টার্গেট কিলিং ও জঙ্গি নাশকতার প্রেক্ষিতে নিরাপত্তা বলয় গড়ে তুলতে খুলনার ডুমুরিয়ায় জনতার হাতে বাঁশি ও বাঁশের লাঠি দিয়েছে প্রশাসন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 06:58 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামানের উপস্থিতিতে এর আয়োজন করা হয়।

এ সময় ‘ডিফেন্স পার্টি’ নাম দিয়ে এলাকার মানুষের হাতে লাঠি ও বাঁশি তুরে দেওয়া হয়। সেখানে উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় মনির-উজ-জামান বলেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে কিছু সংখ্যক দুস্কৃতকারী জঙ্গিবাদের পন্থা অবলম্বন করছে।

যে মুহূর্তে যুদ্ধাপরাধীদের বিচার চূড়ান্ত পর্যায়ে সেই মুহূর্তে নিরীহ ধর্মযাজক, মুক্তমনা লেখক ও ভিন্ন ধর্মাবলম্বীদের গুপ্ত হত্যা করা হচ্ছে।

এসব হামলাকারী জঙ্গিদের নির্মূল করতে পুলিশ বিভাগ নিরন্তর কাজ করে যাচ্ছে। এ কাজে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোস্তফা কামাল খোকন, মাওলানা মো. কাইয়ূম জোয়াদ্দার, হিমাংশু বিশ্বাস, গোপাল চন্দ্র দেসহ অন্যরা বক্তব্য রাখেন।