ফরিদপুরে বাস খাদে, সুপারভাইজার নিহত
ফরিদপুর সদরে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
রোববার দুপুরে ঢাকা-বরিশাল সড়কের বাখুণ্ডায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন।
নিহত সুপারভাইজারের নাম অমিত হাসান।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাকুরা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে বাখুণ্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
“এ সময় বাসের সুপারভাইজার অমিত হাসান ঘটনাস্থলেই মারা যান।”
আহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে ওসি জানান।
