২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্কুলছাত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

গাজীপুরে স্কুলছাত্রী কবিতা দাশ হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 12:39 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

রোববার গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত বিক্রম সরকার ওরফে বিজয় সরকার (২৫) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের রামপদ সরকারের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, কবিতা দাস (১৪) কালিয়াকৈরের বোর্ডঘর এলাকার বিজয় স্মরণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত বছরের ১৩ অক্টোবর এসএসসির নির্বাচনী পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার সময় স্কুল ফটকের সামনে তাকে ছুরিকাঘাত করে বিক্রম চন্দ্র সরকার ওরফে বিজয় সরকার।

গুরুতর আহত কবিতাকে সহপাঠী ও স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা বিক্রমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জজ আদালতের পিপি মো. হারিছ উদ্দিন আহমেদ বলেন, ঘটনার দিনই কবিতার বাবা সাগর মনি দাস বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান এবছরের ৪ ফেব্রুয়ারি বিজয় সরকারকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান পিপি হারিছ।

রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি হারিছ উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক।