মাগুরায় বাড়ছে নালিম চাষ
মাগুরার কৃষকদের কাছে লাভজনক ফসল হিসেবে বাঙ্গিজাতীয় ফল নালিম চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।
ফলটি মাত্র ৯০ দিনে উৎপন্ন হয় এবং বিঘাপ্রতি ২৫-৩০ হাজার টাকা লাভ হওয়ায় চাষিরা নালিম চাষে ঝুঁকছেন বলে জানান সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ।
সরজমিনে গিয়ে হাজরাপু, হাজীপুর, নড়িহাটি, ইছাখাদা, শিবরামপুর, বিরপুর ও মির্জাপুর গ্রামে নালিম চাষ দেখা গেছে।
ইছাখাদা গ্রামের কৃষক রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি বিঘা জমিতে নালিম চাষে খরচ হয় সাত থেকে আট হাজার টাকা। বিক্রি হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা।
“চাষপদ্ধতি বাঙ্গির মতোই। আবাদে সার-বিষ দরকার হয় না।”
নালিমের বীজ বোনা হয় মার্চ-এপ্রিলে আর ফল পাকতে শুরু করে জুন-জুলাইয়ে।
মির্জাপুর গ্রামের কৃষক ওমর আলী জানান, এ বছর তিনি চার বিঘা জমিতে নালিম চাষ করেছেন। এক লাখ টাকার বেশি লাভ হবে বলে তার আশা।
নড়িহাটির আশরাফুল ইসলাম বলেন, তিনি লিচু ও পেয়ারা বাগানে সাথি ফল হিসেবে নালিম চাষ করছেন।
ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকাররা মাঠ থেকেই নালিম কিনে নিয়ে যায় বলে তিনি জানান।
নালিম ব্যবসায়ী বদর উদ্দিন ও গোলাম মোস্তফা জানান, রমজানে নালিমের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।
“প্রতিটি নালিম পাইকারি সাত-আট টাকা ও খুচরা ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।”
কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ জানান, ফলটি চিনিমুক্ত। এর স্বাদ বাঙ্গির মতোই। ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ পুষ্টি সহায়ক।
“ভরা মৌসুমে সদর উপজেলা থেকে দৈনিক দুই-তিন ট্রাক নালিম রাজধানীসহ বিভিন্ন এলাকায় চালান হচ্ছে।”
ফসলি জমির পাশাপাশি লিচু, আম ও পেয়ারা বাগানে সাথি ফসল হিসেবে নালিম চাষ দিনে দিনে বাড়ছে বলে তিনি জানান।
