প্রতিটি তরুণের উচিত উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা: বিপু
চাকরি না খুঁজে প্রত্যেক তরুণের উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শনিবার ঢাকার কেরানীগঞ্জে ‘বাংলাদেশ, দ্য নেক্সট আইসিটি ডেস্টিনেশন’ শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, চাকরি না খুঁজে প্রতিটি তরুণের উচিত উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা।
“আর উদ্যোক্তা হওয়ার জন্য আউটসোর্সিং এ ফ্রি-ল্যান্সার হিসেবে নিজের আর্থিক ভবিষ্যত পরিবর্তন করা।”
কেরানীগঞ্জের জিসান কমিউনিটি সেন্টারে প্রায় তিন শতাধিক ফ্রিল্যান্সারকে নিয়ে দিনব্যাপী হয় আউটসোর্সিং সংক্রান্ত এ সেমিনার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং এবং আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের উদ্যোগে সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে ঢাকা জেলা প্রশাসন ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ।
এতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “এই মুহূর্তে বাংলাদেশ যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভোগ করছে সেটিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য ১৬ কোটি জনগনের দেশে সবার হাতকে কর্মীর হাতে পরিণত করতে হবে।
“২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। সেজন্য ইতোমধ্যে রোডম্যাপ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।”
আগামী ১০ বছরে তৈরি পোশাক খাতের মতো আউটসোর্সিংয়ে একটি বিশাল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘ব্যাপক পরিকল্পনা’ গ্রহণ করেছেন বলে জানান তিনি।
কালিয়াকৈর হাইটেক পার্ক, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ও সিলেট ইলেক্ট্রনিক সিটির উদাহরণ টেনে কেরানীগঞ্জের জাজিরাতে এরকম একটি হাইটেক পার্ক নির্মাণের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী, সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ধন্যবাদ জানান এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
কেরানীগঞ্জের ইউএনও আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে আইসিটি বিভাগের যুগ্ম সচিব মঞ্জুর কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম বানু শান্তি ও অঞ্জন কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন ও উপজেলা বন কর্মকর্তা মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
