২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় ভ্যানের হেলপার নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কভার্ড ভ্যানের এক হেলপার নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 05:36 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

শনিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের কাঞ্চন-মীরেরবাজার সড়কে গলান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত শরীফ হোসেন (১৯) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হুগলী গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও এলাকার প্যারাগন কোম্পানির কভার্ডভ্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।       

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই চন্দন দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঞ্চন-মীরেরবাজার মহাসড়কে গলান বাজারে রাস্তার পাশে কভার্ডভ্যানটি দাঁড় করিয়ে হেলপার শরীফ কাঁঠাল কিনছিলেন।

“এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। তিনি মাথায় আঘাত পেয়ে সড়কে পড়ে যান। এসময় কাঞ্চনের দিক থেকে আসা মীরেরবাজারগামী দ্রুত গতির ট্রাক তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ বিষয়ে কভার্ডভ্যানের চালক আবু সাঈদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লাশ শরীফের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।