কক্সবাজারে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদী অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়ারদিয়া এলাকায় এ অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।
বিজিবি সদস্যদের দেখে পাচারকারীরা নদী সাঁতরিয়ে শূন্যরেখা অতিক্রম করে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বিজিবি কর্মকর্তা জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির সদস্যরা নাফ নদীর তীরে অবস্থান নেয়।
“এক পর্যায়ে এক লোককে নদী সাঁতরিয়ে কূলে উঠতে দেখে বিজিবির সদস্যরা এগিয়ে গেলে হাতে থাকা পলিথিন মোড়ানো দুইটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।”
দুই ব্যাগ থেকে এক লাখ ইয়াবা পাওয়া গেছে, যার মূল্য তিন কোটি টাকা বলে জানান তিনি।
এদিকে উখিয়ায় যাত্রীবাহী অটোরিকশা দেড় হাজার থেকে ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।
শনিবার সকাল ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী সংলগ্ন টিভি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়রে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।
আটক মো. মামুন-অর রশিদ (২৭) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার রণজিত দাশের ছেলে। ধর্মান্তরিত হয়ে তিনি মামুন-অর রশিদ নাম ধারণ করেছেন।
বিজিবি কর্মকর্তা ইমরান বলেন, কক্সবাজারমুখী যাত্রীবাহী অটোরিকশা উখিয়ার টিভি টাওয়ার এলাকায় পৌঁছলে তা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি এক হাজার ৫৬০ ইয়াবা এবং নগদ ৫ হাজার টাকা পাওয়া যায়।
