টেকনাফে ইয়াবা-মামলার আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও মানবপাচারের এক ডজনের বেশি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় এ অভিযান চালানো হয় বলে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান।
গ্রেপ্তার জিয়াউর রহমান জিয়া (৩৫) নাজির পাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে।
ওসি আব্দুল মজিদ বলেন, জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে ইয়াবা ও মানবপাচারের অভিযোগে টেকনাফ থানায় ১৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক এই আসামি সম্প্রতি এলাকায় অবস্থান করছে খবরে পুলিশ অভিযান চালায়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মজিদ।
