২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

মাগুরা সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে ‘ডাকাত সর্দার’ বলছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 08:43 AM

Updated : 12 Apr 2022, 02:18 AM

শুক্রবার গভীর রাতে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আজমল হুদা জানান।

নিহত কামাল সর্দার (৪২) মাগুরা সদরের জগদল ইউনিয়নের শ্যাওলাডাঙ্গা গ্রামের অফসার সর্দারের ছেলে।

ওসি আজমল হুদা বলেন, রাত ৩টার কিছু আগে থানায় খবর আসে মঘির ঢাল এলাকায় সড়কে গাছ ফেলে ডাকতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এরপর সদর থানা ও ডিবির টহল পুলিশের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়।

“ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।”

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি, গাছ কাটার করাত, চাপাতিসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, কামাল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার নামে খুন, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে থানায় নয়টি মামলা আছে।

“এছাড়া ডাকাতির ঘটনায় গ্রেপ্তার একাধিক আসামি আদালতে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে, যেখানে তারা  কামালকে তাদের দলনেতা বা সর্দার বলে উল্লেখ করেছে।”

লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি আজমল হুদা।