২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মুক্তিযোদ্ধাকে প্রণনাশের হুমকি

শেরপুরে স্থানীয় একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এক মুক্তিযোদ্ধার কাছে চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 10:37 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

শুক্রবার শেরপুর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জয়’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট ফকির আখতারুজ্জামানকে মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়।

শুক্রবার বেলা  ১১টা ৬মিনিটে ০১৬৩১৫৬২০৭৮ মোবাইল থেকে এ হুমকি প্রদান করা হয়।

অ্যাডভোকেট আখতারুজ্জামান জানান, বেলা  ১১টা ৬ মিনিটে ০১৬৩১৫৬২০৭৮ নম্বর থেকে মেজর জিয়াউল হক পরিচয়ে আর্থিক সহায়তা দাবি করা হয়।

“টাকা দাবি করে ওই ব্যক্তি বলেন- আপনার কাছে একটি আর্মস টিম যাওয়ার কথা ছিল, কিন্তু আমি পাঠাইনি। আমি কথা বলছি, আপনাকে আর্থিক সহায়তা করতে হবে। না করলে আপনার বিপদ আছে।”

টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, বলেন আখতারুজ্জামান।

বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে শেরপুর সদর থানার ওসিকে জানিয়েছেন বলেও জানান তিনি। 

ফকির আখতারুজ্জামান বলেন, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির পক্ষে কাজ করা এবং বিবিসিসহ বিভিন্ন মিডিয়ায় বক্তব্য প্রদান, স্থানীয় যুদ্ধাপরাধীদের বিষয়ে বক্তব্য প্রদান করায় প্রাণনাশের হুমকি দেওয়া হতে পারে। 

এ ঘটনায় তিনি আতঙ্কিত বলে জানান।

সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ফকির আখতারুজ্জামান মোবাইল ফোনে জীবননাশের হুমকির অভিযোগ জানানোর পর ওই ফোন নম্বরটি ট্রেকিংয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।