সিদ্ধিরগঞ্জে ২ ‘হিযবুত’ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় লিফলেট বিলি করার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফারুক হোসেন জানান।
গ্রেপ্তাররা হলেন আব্দুর রহমান (৩০) ও মীর মাসুদুর রহমান (৪৫)।
আব্দুর রহমান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রায়পুরার কামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তারা ঢাকার ডেমরার বামৈল এলাকায় থাকেন। মীর মাসুদুর রহমান ঢাকার ডেমরার টেংরা এলাকার এরশাদ আলীর ছেলে।
এসআই ফারুক হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের চার সদস্য মাদানীনগর মাদ্রাসা এলাকায় এসে লিফলেট বিলি করছিল। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমান ও মীর মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে। অন্য দুজন পালিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে হিযবুত তাহরীরের ৪৫টি লিফলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
একের পর এক জঙ্গি কায়দায় হত্যা-হামলার মধ্যে সারাদেশে সাঁড়াশি অভিযান চলে এক সপ্তাহ, যা শেষ হয় শুক্রবার ভোরে। এক সপ্তাহে জঙ্গি সন্দেহে ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গত বুধবার মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে জঙ্গি কায়দায় কুপিয়ে হত্যার চেষ্টার পর আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিমের সঙ্গে হিযবুত তাহরীরের সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
