ট্রাক থেকে কন্টেইনার অটোরিকশায়, যাত্রী নিহত
ফেনীতে ট্রাক থেকে ছিটকে আসা কন্টেইনার চাপা পড়ে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন ওই যানের চালক।
শুক্রবার দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়ার তেমুহানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের এসআই কেশব চৌধুরী জানান।
নিহত ফারুক আহম্মেদ পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের মকসুদুর রহমানের ছেলে।
আহত অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই কেশব বলেন, দুপুরে নোয়াখালী থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রাকের উপরে থাকা একটি কন্টেইনার ছিটকে একটি অটোরিকশার উপর পড়লে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
“এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফারুক নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”
ঘটনাস্থল থেকে অটোরিকশা ও কন্টেইনারটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
