যশোরে জোড়া লাগা দুই শিশুর জন্ম
যশোরের চৌগাছা উপজেলায় এক গৃহবধূর জোড়া লাগা দুই মেয়ে হয়েছে।
উপজেলার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সকালে সিজারিয়ান অপারেশনে তাদের জন্ম হয়েছে। পরে ওই শিশুদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের হাত, পা, মাথা পৃথক থাকলেও পেটে যুক্ত রয়েছে।
তাদের মা রিনা খাতুন (৩৫) উপজেলার উজিরপুর গ্রামের কৃষক মিন্টু হোসেনের স্ত্রী। মা ও সন্তানরা সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুই নবজাতকের চাচা আকতারুজ্জামান বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে চৌগাছার একটি বেসরকারি ক্লিনিকে রিনা খাতুনের জোড়া লাগা দুই শিশুর জন্ম হয়। মিন্টু হোসেন ও রিনা খাতুনের তিন সন্তান রয়েছে।
মাকে ওই ক্লিনিকে রাখা হলেও শিশুদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, শিশু দুটিকে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমেছে।
শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা সেবিকা শারমিন নাহার বলেন, মেয়ে দুটির দুই মাথা, চার হাত, চার পা পৃথক আছে। শুধু নাভি একটা। অর্থাৎ তাদের পেটে জোড়া লাগা রয়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছে।
তিনি আরও বলেন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমানসহ কয়েকজন ডাক্তার শিশু দুটিকে কয়েক দফায় দেখেছেন। এরপর পর তারা শিশুদের ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ডা. মাহফুজুর রহমান বলেন, শিশু দুটির শরীরের অর্গানগুলো যদি আলাদ থাকে, তবে তাদের ঢাকা নিয়ে আলাদা করা সম্ভব হবে। উন্নত চিকিসার জন্য তাদের ঢাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
