২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর মুখে গরম তেল ছোড়ার অভিযোগ

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে গরম তেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 04:51 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার নিজ বাসায় ইউসুফ জামিল বাবু (২৭) এ হামলার শিকার হন বলে সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান।

দগ্ধ ইউসুফ জামিলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, রাতে প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। মুখ ও পিঠসহ শরীরের ১৩ শতাংশ ঝলসে গেছে।

বাবুর গলা ও চোখের অবস্থাও ভালো নয় বলে তিনি জানান।

বাবুর বোন সাবিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। বৃহস্পতিবার রাতে খাওয়ার পর বাবু ঘুমিয়ে পড়লে চুলায় কড়াইয়ে তেল ফুটিয়ে মুখে ছুড়ে মেরে পালিয়ে যায় স্ত্রী আসমা।

বাবুর চিৎকারে প্রতিবেশীরা এসে দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বাবু স্যানিটারি ঠিকাদারের কাজ করেন। এই দম্পতির সাত বছরের একটি ছেলে রয়েছে।

ওসি এসএম কামরুজ্জামান জানান, এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।