২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৮৫ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ডাকাত-পুলিশের কথিত বন্দুকযুদ্ধে ৮৫ মামলার এক আসামি গুলিবিদ্ধ হয়েছে; আহত হয়েছে তিন পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 03:17 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

গুলিবিদ্ধ সাইফুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি মকসেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার জাঙ্গালিয়া ব্রিজ এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, উপজেলার পাকুরডাঙ্গা গ্রামের করিমউদ্দীন মোল্লার ছেলে ৮৫ মামলার আসামি সাইফুল ইসলামকে বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ।

“ফুলবাড়ী ফেরার সময় পুলিশের পিকআপ জাঙ্গালিয়া ব্রিজে পৌঁছালে তাকে ছিনিয়ে নেওয়ার জন্য গুলি ছোড়ে তার সহযোগী ডাকাতরা। পুলিশ পাল্টা ৭ রাউন্ড গুলি ছুড়লে সাইফুল গুলিবিদ্ধ হয়।”

পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

এ ঘটনায় তিন পুলিশ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও তিনি জানান।