২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশীর ছোড়া গরম তেলে মা-মেয়ে দ্বগ্ধ

গাজীপুরে কালিয়াকৈরে ‘রান্না করা নিয়ে’ কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর ছুড়ে মারা গরম তেলে তিন বছরের শিশুসহ এক নারী দগ্ধ হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 01:57 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এসআই মোশারফ হোসেন জানান।

আহতরা হলেন- দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মাজেদুল ইসলামের স্ত্রী ইসমত আরা বেগম (২২) ও তাদের মেয়ে মাজেদা আক্তার মায়া।

ইসমত আরা কালিয়াকৈরের এফবি ফুটওয়্যার নামের এক কারখানায় কাজ করেন। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়।

এসআই মোশারফ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ইসমত আরার প্রতিবেশী আমেনা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে। আমেনা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগর এলাকার আসাদ মিয়ার স্ত্রী।

ওই ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি মামলা করেছেন ইসমত আরার স্বামী মাজেদুল।

এজাহারের বরাত দিয়ে এসআই মোশারফ বলেন, ইসমত আরা ও আমেনা একই বাড়িতে পাশাপাশি দুটি ঘরে ভাড়া থাকেন। বৃহস্পতিবার ইফতারের আগে রান্না করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে আমেনা কড়াইয়ের গরম তেল ইসমত আরার দিকে ছুড়ে মারেন। এ সময় ইসমত আরার কোলে তার মেয়ে থাকায় দুজনেই ঝলসে যায়।”

পরে আশপাশের লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ রাতে ওই বাড়িতে গিয়ে আমেনাকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সামসুল হুদা নাঈম জানান, শিশুটির শরীরের বিভিন্ন অংশ অল্প অল্প দ্বগ্ধ হয়েছে। আর ইসমত আরার ডান হাতের প্রায়  অর্ধেক গরম তেলে পুড়ে গেছে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এই চিকিৎসক।