ছাদ থেকে ‘পড়ে’ স্কুলছাত্রী নিহত
ঢাকার সাভার উপজেলায় পাঁচতলা ভবনের ছাদ থেকে ‘পড়ে’ এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত উলুফা আক্তার আলো (১৪) স্থানীয় হলি চাইল্ড কিন্ডার গার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, শ্রীপুরে বিমলের পাঁচতলা বাড়ির তৃতীয় তলার ভাড়া বাসায় বাবা-মায়ের সাথে থাকত উলুফা।
“বৃহস্পতিবার রাতে উলুফা রাতের খাবার খেয়ে ছাদে যায়। এর কিছুক্ষণ পর ভবনের নিচে তাকে মৃত পাওয়া যায়।”
উলুফা আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে এসআই জানান।
