হবিগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর লাশ নদীতে
হবিগঞ্জে নিখোঁজের দুইদিন পর এক পান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার চৌধুরী বাজার এলাকায় খোয়াই নদী থেকে সঞ্জিত কুমার দাশের (৬০) লাশ উদ্ধার করা হয় বলে হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান।
সঞ্জিতের বাড়ি শায়েস্তাগঞ্জের হাসপাতাল রোডে। শহরের রেলস্টেশন এলাকায় তার পানের দোকান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গত ১৪ জুন দুপুরে সঞ্জিত নিখোঁজ হন। ওই দিন বিকালে তার ছেলে সৎজিত দাশ ইমন শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সকালে খোয়াই নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বলে জানান তিনি।
নিহতের শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
