২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 04:19 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজার সদর থানাধীন গোল দীঘির পাড় এলাকার হিমাংশু রুদ্রর ছেলে রতন রুদ্র (২৮) ও একই থানাধীন বিডিআর ক্যাম্পের পাশে সাবমেরিন কেবল রোডের আনোয়ার হোসেনের ছেলে খোকন (৩০)।

দুইজনেই জামিন নিয়ে পলাতক রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি জেসমিন পারভীন জলি।

একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, ২০১৩ সালের ১৯ জুলাই খুলনার ডুমুরিয়া থানার কাঁঠালতলা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে মাইক্রোবাস থেকে দুই হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

“এ ঘটনায় মাইক্রোবাসের চালক রতন, ফেন্সিডিলের মালিক খোকন ও মাইক্রোবাসের মালিক কুতুব উদ্দিনকে আসামি করে ডুমুরিয়া থানায় ওই দিন মামলা করে পুলিশ।”

একই বছরের ৩১ অক্টোবর রতন ও খোকনকে আসামি করে আদালতে ডুমুরিয়া থানার ওসি তাজুল ইসলাম অভিযোগপত্র দেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।