কক্সবাজারে গুলিতে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু
কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান।
নিহত মোহাম্মদ মহিউদ্দিন (৫০) রামুর ঈদগড় ইউনিয়নের শরীফ পাড়ার ফয়েজ আহমদ মিয়াজীর ছেলে। তিনি হোমিওপ্যাথ চিকিৎসক ছিলেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। তার বাড়িও ওই এলাকায়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার একখণ্ড জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে মহিউদ্দিনের বিরোধ চলছিল। সম্প্রতি ওই বিরোধপূর্ণ জমিতে মহিউদ্দিন বাড়ি বানাতে শুরু করলে প্রতিপক্ষের লোকজনের ক্ষিপ্ত হয়ে ওঠে।
“বুধবার রাতে মহিউদ্দিন নির্মাণাধীন ওই বাড়িতে গেলে প্রতিপক্ষের লোকজন সেখানে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।”
গুলিবিদ্ধ মহিউদ্দিনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সকালে সেখানেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটকের কথা জানালেও সেই নারী ঘটনাস্থলে ছিলেন কিনা- তা বলেননি ওসি।
মহিউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
