বিসর্জনে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর, আহত ২
স্থানীয়দের সঙ্গে ‘বিতণ্ডতার জেরে’ ঝিনাইদহের শৈলকূপায় গঙ্গা পূজার বিসর্জন অনুষ্ঠানে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে; হামলায় আহত হয়েছেন দুই নারী।
বুধবার সন্ধ্যায় উপজেলার ঝাউদিয়া গ্রামের মাঝিপাড়া ঘাটে এ ঘটনা ঘটে বলে শৈলকূপা থানার ওসি তরিকুল ইসলাম জানান।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রামের মোতা শেখের ছেলে বিপ্লব ও আমজাদ শেখের ছেলে সুমনের নামে মামলা করেছেন ঝাউদিয়া মাঝি পাড়া পূজা মন্দিরের সভাপতি বিমল সাহা। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গঙ্গা পূজা শেষে সন্ধ্যায় মাঝিপাড়ার জেলেরা দুটি প্রতিমা নিয়ে মাঝি পাড়া ঘাটে যায় বিসর্জনের জন্য। বিসর্জনের আনুষ্ঠানিকতা চলার সময় বিপ্লব ও সুমন সেখানে গিয়ে মাইক বন্ধ করতে বলে।
“এ সময় জেলেদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হলে বিপ্লব ও সুমন প্রতিমা ভাংচুর করে। পরে জেলেরা বাধা দিতে গেলে ধস্তাধস্তিতে দুই জেলে নারী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”
ওসি বলেন, ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
