২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে খুবির প্রশাসনিক কর্মকর্তা কারাগারে

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 08:24 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

বুধবার খুলনার মুখ্য মহানগর হাকিম মেছবাহ উদ্দিন আহমেদ এ আদেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবী তারিক মাহমুদ তারা জানান। 

গ্রেপ্তার আফরিন জামাল নিলা (৩০) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা। তিনি দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার কামরুজ্জামানের মেয়ে।

মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বরাত দিতে বাদীর আইনজীবী জানান, নিলা ২০১৪ সালের ১৩ এপ্রিল নগরীর সোনাডাঙ্গা থানার শেখ জামাল নওফেল রাশেদ নামে এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ এবং একই বছরের ৭ সেপ্টেম্বর আরও চার লাখ টাকা ধার নেন।

“দুই ধাপে মোট ছয় লাখ টাকার বিপরীতে ব্র্যাক ব্যাংক খুলনা শাখার দুইটি চেক রাশেদকে দেন নিলা। তবে চেক দুটি তাকে না জানিয়ে ব্যাংকে জমা না দিতে রাশেদকে অনুরোধ করেন।”

তিনি জানান, একপর্যায়ে চেক দুটির মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে রাশেদ টাকা ফেরত চেয়ে নিলাকে চাপ দিলে টাকা ফেরত দিতে নানাভাবে সময়ক্ষেপণ করে। পরে এ বছরের মে মাসের মধ্যে রাশেদকে টাকা ফিরিয়ে দিবেন বলে একটি চুক্তিপত্রের মাধ্যমে অঙ্গীকার করেন নিলা।

“তবে চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত সময় টাকা পরিশোধ করতে না পারায় ৭ জুন নিলার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা করেন রাশেদ।”

দুপুরে পুলিশ নিলাকে আদালতে হাজির করলে তিনি জামিনের আবেদন করেন। বিচারক তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান এ আইনজীবী।