২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গুলিতে প্রবাসী নিহত

কক্সবাজারে একটি সালিশ থেকে ফেরার পথে গুলিতে এক প্রবাসী নিহত হয়েছেন; গুলিতে আহত হয়েছেন আরও একজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 02:21 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকায় মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার এসআই মো. আব্দুর রহিম।

নিহত আবছার কামাল (৩৩) সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের হাজিপাড়ার নজির আহমদের ছেলে। তিনি সৌদি আরবে চাকরি করতেন। সম্প্রতি দেশে এসেছেন।

এসআই রহিম বলেন, ফকির বাজার এলাকায় আত্মীয় আব্দুল্লাহ আল আকাশের বাড়ি বেড়াতে গিয়েছিলেন আবছার কামাল। মঙ্গলবার রাতে আকাশ ও কামাল স্থানীয় একটি সালিশ বৈঠকে যোগ দেন।

“বৈঠক শেষে বাড়ি ফেরার সময় এলোপাতাড়ি গুলিতে কামাল নিহত এবং আকাশ আহত হন।”

গুলিবিদ্ধ আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এসআই বলেন, স্থানীয় এক যুবকের সঙ্গে আকাশের বিরোধ ছিল। কয়েক মাস আগে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই যুবক জড়িত বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান এসআই রহিম।