২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: আসামি আ. লীগ নেতা কারাগারে

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 07:21 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

পুরনো খবর:

এক চোখ নষ্ট হয়ে গেছে সেই সুরাইয়ার
মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র
মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: ২ আসামির আত্মসমর্পণ

মঙ্গলবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক ফিরোজ মামুন তা নাকচ করে তবিবুর রহমান তোতাকে (৪০) কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান সাবেক ভারপ্রাপ্ত পিপি মশিয়ুর রহমান।

তোতা জেলা আওয়ামী সমবায় লীগের সাধারণ সম্পাদক।

২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মমিন ভূইয়া নামে একজন নিহত হন।

এ সময় গুলিবিদ্ধ হন সংঘাতে লিপ্ত এক পক্ষের নেতা কামরুল ভূইয়ার ভাবি অন্তঃসত্ত্বা নাজমা বেগম। পরদিন গুলির ক্ষত নিয়ে ভূমিষ্ঠ হয় তার শিশুটি।

এ ঘটনায় নিহত মোমিন ভুইয়ার ছেলে রুবেল ২৬ জুলাই সদর থানায় ১৬ জনের নামে মামলা করেন। মামলার আসামিদের মধ্যে আজিবর নামে একজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। পুলিশ তদন্ত শেষে এজাহারভুক্ত এক আসামির নাম বাদ ও নতুন তিন জনের নাম যোগ করে ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

অভিযোগপত্রভুতক্ত ১৭ আসামির মধ্যে মুজিবর নামে এক আসামি পলাতক রয়েছেন বলে জানান মশিয়ুর।