খুলনায় অস্ত্র মামলায় দুইজনের যাবজ্জীবন
খুলনায় অবৈধ অস্ত্র বিক্রির মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের জবেদ আলী শেখের ছেলে রকিবুল ইসলাম শেখ (৫০) ও একই উপজেলার আমতলা এলাকার মৃত অম্বরিশ মণ্ডলের ছেলে মিলন মণ্ডল (৩৫)।
একইসঙ্গে গুলি রাখার দায়ে প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আরিফ মাহমুদ লিটন।
উভয় দণ্ড একইসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে বলে জানান পিপি।
মামলার নথির বরাত দিয়ে পিপি আরিফ মাহমুদ জানান, ২০১১ সালের ৯ ডিসেম্বর র্যাব ও কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দাকোপ উপজেলার পানখালী ফেরিঘাট থেকে রকিবুল ইসলাম শেখ, মিলন মণ্ডল ও শহীদুল ইসলাম শেখকে গ্রেপ্তার করে।
“পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের জোংড়া খাল এলাকায় মাটির নিচে পুঁতে রাখা ১১টি পাইপগান, ১টি কাটা রাইফেল, ১টি রিভলভার ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করে।”
এ ঘটনায় কোস্টগার্ড সদস্য আবুল কালাম আজাদ বাদী হয়ে দাকোপ থানায় মামলা করেন বলে জানান পিপি আরিফ।
২০১২ সালের ১০ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দাকোপ থানার এসআই পরিমল চন্দ্র দাস আদালতে রকিবুল ও মিলনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।
