সিরাজগঞ্জে শালিসে কৃষক খুন
সিরাজগঞ্জের তাড়াশে শালিস বৈঠকে লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের নাঙ্গলমোড়া তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম।
নিহত আক্কাস আলী (৩৮) ওই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
আক্কাসের ভাতিজা রেজাউল করিম বলেন, “নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের একটি পুকুরের সুফলভোগীদের ইজারার টাকা নিয়ে সোমবার একই গ্রামের আফজাল হোসেনের ছেলের সঙ্গে অন্য সদস্যদের বাকবিতণ্ডা হয়।
“বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার সকালে গ্রামে শালিস বৈঠক বসে। বৈঠকে গ্রামের মইনুল ইসলাম ও হারেজ আলী তাদের চাচার কাছে ১৫০০ টাকা পাবেন বলে দাবি করেন।
“এ নিয়ে উভয়ের বাগবিতণ্ডার এক পর্যায়ে হারেজ আলী বাশেঁর লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করেন।”
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান রেজাউল।
ওসি আমিনুল বলেন, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
