২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় বিজয়ী মেম্বার প্রার্থীর ভাইয়ের মৃত্যু

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 09:31 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

সোমবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের (৫৫) মৃত্যু হয় বলে ফুলছড়ি থানার ওসি খায়রুল বাশার জানান।

আব্দুর রহমান ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আব্দুল গণির মিয়ার বড় ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গত ৫ জুন গজারিয়া ইউনিয়নের জাতীয় পার্টি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী এবং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী হাসান আলীর সমর্থকরা আব্দুল গণি মিয়ার সমর্থক আজাহার আলীর ঘর-বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।

তিনি বলেন, পরদিন এ ঘটনায় আজাহার আলীর স্ত্রী থানায় অভিযোগ করেন। ওইদিন সন্ধ্যায় পুলিশ তদন্তে আসলে ইউনুস ও হাসান আলীর সমর্থকদের সঙ্গে আব্দুর গণির সমর্থকদের কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে ইউনুস-হাসানের সমর্থকদের হামলায় আব্দুল গণি, তার বড় ভাই আব্দুর রহমান এবং ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনসহ চার পুলিশ আহত হন।”

আব্দুর রহমানের লাশ ময়নাতদন্ত শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   

গত ৮ জুন এ সংঘর্ষের ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।