জাবির ২ সাংবাদিককে ক্যাম্পাস থেকে তুলে নেওয়ার ‘হুমকি’
‘ভুল সংবাদের’ প্রতিবাদ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিককে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি বেসরকারি টেলিভিশনের সাভার প্রতিনিধির বিরুদ্ধে।
তবে একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি মিঠুন সরকার হুমকির অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা মিটেও গেছে।
এদিকে দুই শিক্ষার্থী সাংবাদিকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মিঠুন সরকার যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে সে পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী প্রথম আলোর প্রতিনিধি এস এম রাসেল রাব্বি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শরীফুল ইসলাম সীমান্ত রোববার লিখিতভাবে প্রশাসনকে ওই অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।
তিনি সাংবাদিকদের বলেন, “দুই সাংবাদিকের অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”
গত শনিবার রাতে একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি পরিচয় দিয়ে মিঠুন সরকার নামের এক ব্যক্তি তাদেরকে ওই হুমকি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাসেল ও সীমান্ত।
প্রশাসনকে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৮ জুন রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর হাতে মারধরের শিকার হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শফিকুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
“কিন্তু বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সাভার প্রতিনিধি মিঠুন সরকার মানববন্ধনের ঘটনাকে গত ৪ জুন নির্বাচনের দিন খ্রিস্টান পল্লীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এ মানববন্ধন করেছে বলে উল্লেখ করেন।”
এই ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদটি নিয়ে বিভাগের অন্যান্য শিক্ষার্থীর মত প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল রাব্বী ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শরিফুল ইসলাম সীমান্ত ফেইসবুকে প্রতিবাদ জানালে মিঠুন সরকার মোবাইলে ফোন করে ক্যাম্পাস থেকে ‘তুলে নিয়ে যাওয়ার হুমকি’ দেন এবং তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য উপস্থাপন’ করেন বলে তাদের অভিযোগ।
একই ঘটনায় সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি মিঠুন সরকারকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত ঘোষণা করে’ উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয় প্রশাসন মিঠুন সরকারকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে আমরা কর্মরত সাংবাদিকরা সেই অনুষ্ঠান বর্জনের ঘোষণা করছি। একইসঙ্গে ক্যাম্পাসে তার প্রবেশের পর কোনো কিছু হলে তার দায়ভারও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্মারকলিপি পেয়ে মিঠুন সরকার যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে সে নির্দেশ দিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন।”
এদিকে ওই সংবাদ প্রকাশে ভুলকে অনিচ্ছাকৃত দাবি তরে মিঠুন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “ভিডিওতে ভুল গেলেও স্ক্রলে খবরটি সঠিক গিয়েছিল..আর ওরা আমার কলিগ, ছোট ভাই। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল; মিটে গেছে।”
তিনি দাবি করেন, ওই ‘ভুল’ খবর নিয়ে ফেইসবুকে তার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত লেখালেখি করা হয়।
দুই সাংবাদিককে ‘হুমকির’ ঘটনায় রোববার বিবৃতি দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
বিবৃতিতে সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত ও সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজন একাত্তর টিভির কর্তৃপক্ষকে সংবাদ প্রকাশ এবং সংবাদকর্মী নির্বাচনে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
ঘটনার প্রতিবাদ ও মিঠুন সরকারকে ‘বয়কটের’ আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদও।
