মোবাইল চুরি নিয়ে বিতণ্ডায় প্রাণ গেল স্কুলছাত্রের
নরসিংদীতে মোবাইল ফোন চুরি নিয়ে বিতণ্ডায় প্রতিপক্ষের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার শহরের কাউরিয়াপাড়া নতুন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান।
নিহত মঈন উদ্দিন (১৪) ওই এলাকার বিল্লাল ঘটকের ছেলে। স্থানীয় আলীজান জে এম একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিল সে।
পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে মঈনের মামাত ভাই শাহিন মিয়ার একটি মোবাইল ফোন চুরি হয়।
“শাহিনের পরিবার এ ঘটনায় ওই এলাকার রক্সিকে সন্দেহ করে। এ নিয়ে দুই পরিবারের লোকজন বিতণ্ডাতে জড়ায়। এ সময় প্রতিপক্ষে রডের আঘাতে মঈন আহত হয়।”
তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানান ওসি।
নিহতের ফুফাতো ভাই খোকন খন্দকার বলেন, রক্সি ও তার সহযোগী শাহিন মোল্লা, ইকবাল, সোহেল, মনা, সুরাইয়া ও আকলিমার নেতৃত্বে রড, লাঠি ও ছুরি নিয়ে এই হামলা চালায়।
এ ঘটনায় জড়িত অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে বলে জানান ওসি গোলাম মোস্তফা।
