২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২৩ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে ২৩ দিন ধরে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 06:43 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

কালিয়াকৈর থানার এসআই মো. আব্দুল আজিম জানান, গত ২১ মে উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে সোহেল রানা (২৮) নিখোঁজ হন।

সোহেল টাঙ্গাইলের গোপালপুর থানার কুলারজান এলাকার লতিফুর রহমানের ছেলে।  বাড়ইপাড়ার আউয়াল মোল্লার বাড়িতে ভাড়া থাকেন তিনি। স্থানীয় খোলাপাড়া এলাকায় ইট ও বালু সাপ্লাইয়ের ব্যবসা রয়েছে তার।

সোহেলের মা রাহেলা বেগম সাংবাদিকদের জানান, গত ২১ মে রাত ৯টার দিকে খোলাপাড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় তার ছেলে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না মেলায় ২৫ মে বাদী হয়ে কালিয়াকৈর থানা একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

তবে ২৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত সোলেহকে উদ্ধার বা কোনো খোঁজ দিতে করতে পারেনি বলে রাহেলা জানান।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আজিম জানান, নিখোঁজের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।