২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৎসঙ্গ আশ্রমে বিএনপি চেয়ারপার্সনের প্রতিনিধি দল

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার একটি প্রতিনিধি দল পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 05:41 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

রোববার সকাল ১১টার দিকে ছয় সদস্যের এই প্রতিনিধি দল নিহতের স্বজন ও আশ্রমবাসীদের সঙ্গে কথা বলেন।  

বিএনপির কেন্দ্র্রীয় নেতা নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সাবেক যুগ্মসচিব তপন মজুমদার, দলের কেন্দ্র্রীয় নেতা জন গোমেজ, যুবদলের কেন্দ্র্রীয় যুগ্মসম্পাদক অমলেন্দু দাস অপু ও মাগুরা সদর উপজেলা বিএনপির আহবায়ক মিহির কান্তি বিশ্বাস।

তারা হত্যাকাণ্ডের স্থান ও আশ্রম পরিদর্শন শেষে নিহতের স্বজনদের খোঁজ-খবর নেন।

পরে আশ্রমের সম্মেলন কক্ষে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মতবিনিময়  করেন।

মতবিনিময়কালে নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিক সংঘবদ্ধ একটি চক্র উঠে পড়ে লেগেছে। বর্তমানে উদার গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত। জঙ্গি, সন্ত্রাসী আর মৌলবাদীরা মাথাচারা দিয়ে উঠেছে। অথচ সরকার হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারছে না।

সরকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে সরকার যদি চায়, তাহলে বিএনপি যে কোনো ধরনের সহযোগিতা করবে।”

দেশে দীর্ঘদিন শক্তিশালী গণতন্ত্র না থাকার কারণেই উগ্রপন্থিরা মাথাচারা দিয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

সাঁড়াশি অভিযানের সমালোচনা করে নিতাই রায় আরও বলেন, গত তিন দিনে আটকদের মধ্যে মাত্র কয়েকজন জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলেও হাজার হাজার লোকজনকে গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে।

এ সময় তাদের সঙ্গে পাবনা জেলা বিএনটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের ভারপ্রাপ্ত সম্পাদক যুগল কিশোর ঘোষসহ আশ্রমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়।

নিত্যরঞ্জন গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু গ্রামের মৃত রসিক লাল পাণ্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবক ছিলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস পাবনার এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে বার্তা দিয়েছে বলে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় আশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ শুক্রবার রাতে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন।