লক্ষ্মীপুরে খালে নারী ও শিশুর গলাকাটা লাশ
লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি খাল থেকে এক নারী ও শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা পৌনে ৪টার দিকে নলডগি গ্রামের পোড়ার খালে লাশ দুটি পাওয়া যায় বলে লক্ষ্মীপুরের দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক গণেশ চন্দ্র পাল জানান।
মধ্যবয়সী এক নারী ও ১০/১২ বছর বয়সী এক ছেলের লাশ বলে জানালেও তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই গণেশ বলেন, “নলডগি গ্রামের পোড়ার খালে এক শিশুর গলাকাটা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর লাশের ১০০ গজের মধ্যে মধ্যবয়সী ওই নারীর গলাকাটা লাশ থাকার খবর পায়।
“ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী নোয়াখালীর সুধারাম থেকে খালের পানিতে ভেসে এসেছে লাশ দুটি। দুজনের গড়ন এক হওয়ায় মনে হচ্ছে মা-ছেলেকে গলা কেটে হত্যার পর লাশ খালে ফেলে দেওয়া হয়েছে।”
