বজ্রপাতে চার জেলায় প্রাণ গেল ৬ জনের
বজ্রপাতে তিন জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে খুলনায় বাবা-মেয়েসহ তিন জন, সাতক্ষীরা ও বাগেরহাটে দুই নারী এবং চাঁদপুরে এক জেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো তথ্য:
খুলনা:
খুলনার কয়রা ও পাইকগাছায় রোববার ভোরে বজ্রপাতে বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
এরা হলেন কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মুরাদ গাজী (৩৩) ও তার মেয়ে মুসলিমা আক্তার সোনালী (৫) এবং পাইকগাছা উপজেলার খুরিয়া গ্রামের মান্নান গাজী (৪৫)।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়রা থানার ওসি সমসের আলী জানান, সকাল সাড়ে ৭টার দিকে মুরাদ ও তার মেয়ে বারান্দায় বসেছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ সময় মুরাদের স্ত্রীও আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া বজ্রপাতে মান্নান গাজী (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পাইকগাছা থানার ওসি আশরাফ হোসেন জানান।
সাতক্ষীরা :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বজ্রপাতে মালতী রাজবংশী (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আশাশুনি থানার ওসি আসাদুজ্জামান মুন্সি বলেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মালতী তুয়ারডাঙ্গার তারাপদ রাজবংশীর মেয়ে।সকালে বাড়িতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।
বাগেরহাট:
বাগেরহাটের কচুয়ায় বজ্রপাতে মারা গেছেন মনোয়ারা বেগম (৩৫)।
কচুয়া থানার ওসি কাজী সাহিদুজ্জামান বলেন, সকালে উপজেলার কচুয়া গ্রামে বৃষ্টির মধ্যে ঘরের বাইরে গেলে আকস্মিক বজ্রপাতে মনোয়ারার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মো. শাহ আলমের স্ত্রী।
মনোয়ারার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে জানান ওসি।
এছাড়া শনিবার রাতে চাঁদপুরের সদর উপজেলায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো.ওয়ালী উল্যা জানান, নিহত ছিদ্দিক বরকন্দাজের (২৫) বাড়ি উপজেলার চরফতেজংপুর এলাকায়।
