গাজীপুরে বাসচাপায় ২ পথচারী নিহত
গাজীপুরের শ্রীপুর ও বোর্ডবাজারে সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন আব্দুর রফিক (৫০) ও মো. ইলিয়াস (২৪)।
মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, রোববার ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস রফিককে চাপা দেয়।
“শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। লাশ মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।”
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. মোজাম্মেল হক জানান, সকাল ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন মো. ইলিয়াস (২৪) নামের এক পোশাক শ্রমিক।
“এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ বলছে, নিহত রফিকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বসন্তের বাগ গ্রামে আর মো. ইলিয়াস ময়মনসিংহের মুক্তাগাছা থানার দড়িজয়পুর এলাকার দ্বীন মাহমুদের ছেলে।
