২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ষোলো জেলায় আটক ১২১২

পুলিশের বিশেষ অভিযানে ষোলো জেলায় বিএনপি-জামায়াত ও সন্দেহভাজন জেএমবি সদস্যসহ ১২১২ জনকে আটক করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 02:58 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো  হয়েছে।

নাটোরে খ্রিস্টান দোকানদার, ঝিনাইদহে হিন্দু পুরোহিত ও চট্টগ্রামে এসপিপত্নী খুনের পর বৃহস্পতিবার পুলিশ সারাদেশে এক সপ্তাহের সাঁড়াশি অভিযানের ঘোষণা দেয়।

প্রথমদিন শুক্রবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত ও জেএমবি সদস্যসহ কয়েকশ জনকে আটকের খবর দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ:

মাগুরা

মাগুরায় শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের ছয় কর্মীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, আটকদের মধ্যে পাঁচ জন জামায়াত, একজন বিএনপিকর্মী রয়েছেন। আটক প্রত্যেকেই  বিভিন্ন মামলার আসামি।

তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

দিনাজপুর

দিনাজপুর ডিএসবির ডিআইও-১ রবিউল আলম বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন উপজেলায় ৬৫ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আট উপজেলায় অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে তিন জন জামায়াত-শিবিরের কর্মী রয়েছেন।

আটকদের মধ্যে রয়েছে সদরে ১০ জন, কলারোয়ায় ৩ জন, তালায় ২ জন, আশাশুনিতে ৪ জন, দেবহাটায় ২ জন, কালিগঞ্জে ৫ জন, শ্যামনগরে ৭ জন ও পাটকেলঘাটায় ২ জন।

জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এসআই কুমকুম জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

গাজীপুর

গাজীপুরে এক সন্দেহভাজন জেএমবি সদস্যসহ ৭৯ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এক জেএমবি সদস্যসহ ৭৯ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে রয়েছে জয়দেবপুরে ৩৭ জন, টঙ্গীতে ২০ জন, শ্রীপুরে ৭ জন, কাপাসিয়ায় ৫ জন, কালীগঞ্জে ৭ জন এবং কালিয়াকৈর উপজেলায় ৩ জন।

এছাড়া অভিযানে ২৬টি নম্বরবিহীন মোটরসাইকেল, ৮১টি ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রাজশাহী

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা ও নগরীতে অভিযান চালিয়ে ২৬২ জনকে আটক করা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, নয় উপজেলায় বিভিন্ন এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত ২১৩ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে কয়েকজন সন্দেহভাজন জেএমবি সদস্য রয়েছে। তাদের বিষয়টি যাচাইবাছাই করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নগরীর চার থানা এলাকায় পাঁচটি টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ মামলার আসামি এক শিবির নেতাসহ ৪৯ জনকে আটক করে।

গাইবান্ধায়

গাইবান্ধায় এক সন্দেহভাজন জেএমবি সদস্যসহ ৩৫ জনকে আটক করেছে পুলিশ।

সাত উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক হয় বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ।

গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, তালিকাভুক্ত জেএমবি সদস্য মেহেদী হাসানকে (২৫) গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই গ্রাম থেকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আটক করেছে পুলিশ। মেহেদী ওই গ্রামের মো. সোনা উল্লার ছেলে।

তার বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ ও সদর থানায় জঙ্গি তৎপরতার অভিযোগে একটি মামলা আছে বলে জানান ওসি।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর আশাদুজ্জামান আসাদ জানান, আটকদের মধ্যে নাশকতার মামলার আসামি পলাশবাড়ীর একজন বিএনপি কর্মী আছেন।

বাগেরহাট

বাগেরহাটের নয় উপজেলায় জামায়াতকর্মী, সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ ৫৮ জনকে আটক করেছে পুলিশ।

দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুরিশ জানিয়েছে।

বাগেরহাটের এসপি মো. নিজামুল হক মোল্যা বলেন, বিভিন্ন উপজেলা থেকে নাশকতা মামলার সন্দেহভাজন দুই জামায়াতকর্মী, বিভিন্ন মামলার চারজন সাজাপ্রাপ্তসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় চার উপজেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ আছে।

দুপুরে তাদের আদালতে হাজির করা হয়েছে বলে জানান তিনি।

নীলফামারী

নীলফারীতে জামায়াত-শিবিরের ১৩ কর্মীসহ মোট ৩১ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জানান, গ্রেপ্তাররা নাশকতা, খুন, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। র্দীঘদিন থেকে তারা পলাতক ছিল।

দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ফেনী

পুলিশের বিশেষ অভিযান দ্বিতীয় দিনে বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার জানান, শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত জেলার ছয় থানায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়।

এদের মধ্যে সোনাগাজীতে ডাকাত দলের সদস্য রয়েছে ১০ জন। যাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া

শনিবার দুপুর পর্যন্ত কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ১৫ কর্মীসহ ৬১ জন আটক করা হয়েছে।

পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, শনিবার দুপুর পর্যন্ত ৬১ জন আটক করা হয়েছে। যাদের মধ্যে জামায়াত-শিবির কর্মী ও হত্যাসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন।

নাশকতা রোধ এবং জনগনের জানমালের নিরাপত্তার তাগিদেই এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

জামালপুর

পুলিশের বিশেষ অভিযানে জামালপুর থেকে ৪১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার নিজাম উদ্দীন জানান, শনিবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযানে আটকদের মধ্যে মামলার পলাতক আসামি ছাড়াও শহর জামায়াতের আমির জিয়াউল কবির রয়েছেন।

তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা

পুলিশের সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে কুমিল্লায় ১০১ জনকে আটক করেছে।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, শনিবার দুপুর পর্যন্ত জেলার ১৭টি থানায় অভিযান চালানো হয়।

এ সময় জামায়াত-শিবিরের কর্মীদের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ১০১ জন আটক করা হয়।

বগুড়া

বগুড়ায় ১১ ‘জঙ্গি’সহ বিভিন্ন মামলায় ১০১ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ বলেন, “শুক্রবার রাতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জিহাদি বইসহ শহরের শহীদ খোকন পার্ক থেকে ১১ জঙ্গিকে আটক করা হয়।”

এরা হলেন- সাদ্দাম হোসেন (২৬), সাইফুল (২৭), ফারুক (৩৫), সাদ্দাম (২১), সানাউজ্জামান রানা (১৯), সালমান কবির রাসেল (২০), আজিজ (২৪), আমিনুল ইসলাম (৩৫), সোহাগ আলী (২২), বিপ্লব মন্ডল (২২) ও আজিজুর রহমান (২৩) ।

শনিবার বিকালে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়ও জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৯০জনকে আটকের কথা জানিয়েছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান।

বরিশাল

শনিবার বিকাল পর্যন্ত বরিশালেও ৫৬ জন আটক হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান।

বিশেষ অভিযানে নওগাঁয় শনিবার সন্ধ্যা পর্যন্ত ৮৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার মোজাম্মেল হোসেন।