নরসিংদীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
নরসিংদীর মাধবদীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন অটোরিকশা চালক।
শনিবার সকালে নরসিংদী-গাজীপুর সড়কে মাধবদীর ভাটপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জে ভৈরবের ছিদ্দিক মিয়া (৬০) এবং ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলের হিসাব বিভাগের কর্মকর্তা রুহুল আমিন (৫০)। রুহুল আমিনের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে।
মাধবদী থানার ওসি মো. ইলিয়াছ মোল্লা জানান, পাঁচদোনা থেকে ঘোড়াশালগামী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে ।
আহত অটোরিকশাচালক রুহুল আমিনকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
